কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক মসলেম মন্ডল নিহত

জমাজমি সংক্রান্ত বিরোধে হামলা

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর ডাক্তারপাড়া এলাকায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মসলেম মন্ডল (৫৪) মারা গেছেন। গতকাল শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের বড় ভাইয়ের মেয়ে বুলু খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে বিরোধপূর্ণ জমির ওপর অবস্থিত আমবাগানে আম পাড়তে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এতে তাঁর বাম পা, ডান হাত, গোড়ালিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের ভাতিজি বুলু খাতুন জানান, “আত্মীয়-স্বজনদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর আগেও মসলেম মন্ডলের ওপর হামলা হয়েছিল এবং সেই হামলা সংক্রান্ত মামলা এখনো আদালতে বিচারাধীন রয়েছে। একই বিরোধের জেরে এবার আম পাড়াকে কেন্দ্র করে ফের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। কুষ্টিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মনজুরার রহমান জানান, নিহতের ময়নাতদন্ত শেষে মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মরদেহ গ্রামের বাড়িতে না নিয়ে রাতে কুষ্টিয়া সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে রাখা হতে পারে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনার দিন পরিবারের ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালায়। আগের মামলাও চলমান রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”।