কুষ্টিয়া শহরের ঘোড়ার ঘাটে বৃদ্ধা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

শফিকুর রহমান \ কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকার ঘোড়ার ঘাট থেকে হাসিনা (৬০) নামের এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত প্রায় ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসিনা দীর্ঘ ২০ থেকে ২৫ বছর যাবত ঘোড়ার ঘাট এলাকায় পিঁয়াজু, সিঙ্গারা ও কালাই রুটি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত দুই দিন ধরে তাকে এলাকায় দেখা না যাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তার ঘরের ভেতরে উঁকি দিয়ে স্থানীয়রা তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।