নিজ সংবাদ \ কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় জহির রায়হান (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত জহির রায়হান কুষ্টিয়া সদর উপজেলার হররা ডাক্তারপাড়া গ্রামের নুর নবীর ছেলে। আদালত ও মামলা সূত্রে জানাগেছে, কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর এক ছাত্রী বাড়ী থেকে স্কুলে যাতায়াতের পথে যুবক জহির রায়হান তাকে নানা ভাবে কু-প্রস্তাবসহ উত্ত্যক্ত করতো। ঘটনাটি ভূক্তভোগী ছাত্রী তার পরিবারকে জানালে যুবক জহির রায়হানকে বকা ও শাসন করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জহির রায়হান ২০১৮ সালের ৩ মার্চ রাতে পিতা মাতার অনুপস্থিতিতে ওই ছাত্রীর কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এসময় ছাত্রীর আর্তচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে যুবক জহির রায়হানকে আটক করে পুলিশে দেয়। ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় যুবক জহির রায়হানের নামে মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত শেষে কুষ্টিয়া মডেল থানার এসআই আনোয়ারুল ইসলাম ২০১৮ সালের ৩০ এপ্রিল জহির রায়হানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. আব্দুল মজিদ জানান, কুষ্টিয়া সদর থানায় দায়ের করা স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে আসামী জহির রায়হানের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বাক্ষ্য ও শুনানী শেষে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। আসামী জহির রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হলে পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছে।
