কুষ্টিয়া পৌরসভার নারী কাউন্সিলের উপর হামলা

জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতে থানায় অভিযোগ

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মধ্যপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কুষ্টিয়া পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রীনা নাসরীনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. রীনা নাসরীন। অভিযোগে তিনি দাবি করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলেন এবং বিভিন্ন সময়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযোগ দায়েরের পরদিন সকাল সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাঁকে মারধর, গলাচেপে হত্যার চেষ্টা এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলার সময় লাঠি দিয়ে আঘাত করা হয় এবং তাঁর সঙ্গে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ভাঙচুরের পাশাপাশি নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে। অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, এজাহার আমরা পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে।