কুষ্টিয়ায় নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ

শনিবার, জুন ১৩, ২০২৬

 

আফসানা ইসলাম পুষ্প \ কুষ্টিয়া শহরে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম মিম। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করলেও, নিহতের পরিবার দাবি করছে এটি হত্যাকান্ড। স্বজনদের অভিযোগ, মিমের স্বামী আকাশ মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে তিনি দীর্ঘদিন ধরে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। গত ১ জুন মিমের কেনা অ্যান্ড্রয়েড মোবাইল বিক্রি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে পরিবার জানিয়েছে। পরে তাকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোর ৫টায় মিমের মৃত্যু হয়। ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইকবাল হাসান বলেন, “শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঝুলিয়ে দেওয়ার কারণে শ্বাসরোধজনিত মৃত্যু বলে মনে হচ্ছে। বিস্তারিত ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত করে বলা যাবে।” নিহতের ভাই রাহুল অভিযোগ করে বলেন, “আমার বোনকে মারধরের পর গলা টিপে হত্যা করে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা আত্মহত্যা নয়, হত্যা।” আরেক ভাই বিজয় বলেন, “মাদকসেবীদের পুলিশ কোনো ব্যবস্থা নেয় না। আমরা আমার বোনের হত্যার সুষ্ঠু বিচার চাই।” নিহতের স্বজন নাজমা জানান, “একটি শিশুকে এতিম করে মিম চলে গেল। আমরা এর বিচার চাই।” এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক শামসুল জানান, “আমরা আত্মহত্যার অভিযোগ পেয়েছি। তবে লাশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”