কুষ্টিয়ার যুগিয়া বালু মহালে মধ্যরাতে প্রশাসনের অভিযান

তিন ট্রাক জব্দ, লাখ টাকা জরিমানা

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া বালু মহালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুইটি ড্রাম ট্রাকের মালিককে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিনটি ট্রাক জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যুগিয়া বালু মহালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও অপসারণের সত্যতা পাওযায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-এর ১৫(১) ধারায় দুইটি ড্রাম ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত আরও তিনটি ট্রাক জব্দ করে পুলিশ হেফাজতে দেওয়া হয়। পাশাপাশি জব্দকৃত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ  দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান ও মেহেদী হাসান রিফাত। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন, পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।