কুষ্টিয়ায় জাসদ গণবাহিনীর শীর্ষ নেতা মুকুল মেম্বার গ্রেপ্তার

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

শফিকুর রহমান \ কুষ্টিয়ায় নিষিদ্ধ চরমপন্থী সশস্ত্র সংগঠন জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর একটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে মুকুল মেম্বারকে আটক করা হয়। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অন্তত ৫টি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন আওয়ামী যুবলীগের হামলায় নিহত কুষ্টিয়া শহর যুবদল কর্মী সবুজ আহমেদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নিহত সবুজ আহমেদের স্ত্রী রেশমা খাতুন বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার অন্যতম আসামি মুকুল মেম্বার। পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও মুকুলকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও চাঁদাবাজি, জমি দখল, ডাকাতি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। মুকুল মেম্বারের গ্রেপ্তারের ঘটনায় কুষ্টিয়া মডেল থানার কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। এ গ্রেপ্তারকে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকে। দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে আতঙ্কিত ছিলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মুকুলের বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোতেও তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।