হাসানুজ্জামান রাজীব \ কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ৩১ মে বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে হাসপাতালে রেখে চলে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে ভর্তি করে চিকিৎসা শুরু করেন চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকাল ৬টার দিকে ওই বৃদ্ধের মৃত্যু হয়। হাসপাতাল সূত্র জানায়, তিনি বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল থেকেই তার চিকিৎসা, খাবারসহ সব ধরনের সেবা প্রদান করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. ইকবাল হাসান জানান, “অজ্ঞাতনামা বৃদ্ধ ব্যক্তিটি বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তার চিকিৎসা দিতে। মৃত্যুর পর মরদেহ মর্গে সংরক্ষণ করা হয়েছে। কেউ যদি এই ব্যক্তির সন্ধানে আসেন তাহলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে যথাযথ যাচাই-বাছাই করে যথাযথ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে”।
