কুষ্টিয়ায় চিকিৎসকের বাসায় অন্তঃসত্ত্বা গৃহকর্মীকে আটকে নির্যাতনের অভিযোগ

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

শফিকুর রহমান \ কুষ্টিয়া শহরের পেয়ারাতলা গোরস্থানপাড়া এলাকায় শিশু বিশেষজ্ঞ ডা. এইচ এস কল্লোলের বাসায় গৃহকর্মী নারীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী ৩ মাসের অন্তঃসত্ত্বা। গত শুক্রবার বিকেলে ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। ভুক্তভোগী নারী জানান, শুক্রবার সকাল ৬টায় ডা. কল্লোল তাকে বাসায় ডেকে নেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বামীর খোঁজ চাওয়া হয়। স্বামীর অবস্থান জানাতে না পারায় বাসার ৬ তলায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়। দীর্ঘক্ষণ চিৎকার-চেঁচামেচির পর জানালা দিয়ে বাইরে সাহায্য চাইলে স্থানীয়রা সাড়া দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে তাকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এর আগেও ডা. কল্লোলের পরিবারের বিরুদ্ধে গৃহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে। প্রতিবেশী নাহা বেগম জানান, “ডাক্তারের মায়ের আচরণ খুব খারাপ। আগের এক গৃহকর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। ডা. কল্লোল নিজেই তার চিকিৎসার ব্যবস্থা করেন।” আরেক প্রতিবেশী রুবেল আহমেদ বলেন, র‌্যাব-পুলিশের কঠোর অবস্থানের মুখে ডা. কল্লোলকে ফটক খুলতে বাধ্য করা হয়। শুক্রবার রাতে থানায় দেখা যায় ডা. কল্লোলকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ওসি সাহেবকে সব বলেছি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।” ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর স্বামী থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ কী ধরনের আইনি ব্যবস্থা নেয়, সেদিকে সবার নজর।