কুষ্টিয়ায় চাকরি মেলা অনুষ্ঠিত

প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানে নতুন দিগন্ত

শনিবার, জুন ১৩, ২০২৬

 

 

হাসানুজ্জামান রাজীব \ কুষ্টিয়ায় দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ‘চাকরি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটি কুষ্টিয়ার আয়োজনে এবং পিকেএসএফের কারিগরি ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এ মেলার আয়োজন করা হয়। যেখানে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অংশ নেন প্রায় ৬০০ প্রশিক্ষণার্থী। “ছোট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় ২৬টি প্রতিষ্ঠান অংশ নেয় এবং বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থীকে চাকরির সুযোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে। আয়োজকদের মতে, প্রাথমিকভাবে ১৬২ জন দক্ষ প্রশিক্ষণার্থীকে চাকরির জন্য বাছাই করা হয়েছে, তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। গুরু-শিষ্য মডেলে পরিচালিত ছয় মাস মেয়াদি এ প্রকল্পে বিউটিফিকেশন, প্লাম্বিং, রাজমিস্ত্রি, এয়ার কন্ডিশনিং, ওয়েল্ডিংসহ ১৮টি দক্ষতাভিত্তিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম ফারুক বলেন, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী উভয়কেই সম্মানী প্রদান করা হচ্ছে, যাতে শেখানো ও শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। সংস্থাটির হেড অব মাইক্রো ফাইন্যান্স কৃষ্ণ চন্দ্র বিশ্বাস জানান, প্রশিক্ষণ শেষে যারা চাকরি করতে আগ্রহী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আর যারা উদ্যোক্তা হতে চান, তাদের পিকেএসএফের মাধ্যমে স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়া হবে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উজ্জলা লিমিটেড উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণার্থী নিয়োগের আগ্রহ দেখিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দক্ষ জনবল তৈরির মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধিই তাদের লক্ষ্য। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা বলেন, এ ধরনের উদ্যোগ তাদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের মতে, এমন কর্মমুখী উদ্যোগ তরুণদের আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থানের পথ আরও সুগম করবে।