কুমারখালীতে মাদক প্রতিরোধে পাঁচ গ্রামবাসীর ব্যতিক্রমী উদ্যোগ

শনিবার, জুন ১৩, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে মাদক প্রতিরোধে খেলার সামগ্রী বিতরণ, আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকের প্রীতি ফুটবল ম্যাচ, মতবিনিময় ও ‘আমরা মাদক সেবন করবোনা, কাউকে মাদক সেবন করতে দিবোনা, আমরা কেউ মাদক বিক্রি করবোনা, কেউ মাদক কিনবোনা ‘ এই মর্মে শপথ পাঠ করানো হয়েছে। এছাড়াও খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোপুকুরিয়া, সোন্দাহ, নন্দলালপুর, বাঁশআড়া ও চকুরঘুয়া এই পাঁচ গ্রামবাসী ‘পঞ্চগ্রাম’ ঈদগাহ মাঠে এমন ব্যতিক্রমী আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। প্রভাষক মো. মনিরুজ্জামান, প্রবাসী মো. রেজাউল ও ব্যবসায়ী মো. শহিদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, গ্রাম্য মাতব্বর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ নানাবয়সি মানুষ অংশ নেন। বিকেল সাড়ে ৪টার দিকে ‘পঞ্চগ্রাম’ ঈদগাহ মাঠে সরেজমিন গিয়ে দেখা যায়, পাকা মেঝের ওপর আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ প্রীতি ফুটবল খেলা চলছে। তা দেখে ঈদগাহ মাঠের প্রাচীরের ওপর বসে নানাবয়সি দর্শক করতালির দিয়ে খেলোয়ারদের উৎসাহ দিচ্ছেন। নির্ধারিত ২০ মিনিট খেলার ১৯ মিনিটের মাথায় বিল্লাল হোসেনের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনার সমর্থকরা। নির্ধারিত সময়ে আর গোল না হয় বিজয়ী লাভ করে আর্জেন্টিনা। এ সময় স্কুল ছাত্র বিল্লাল হোসেন বলেন, মাদকবিরোধী কর্মশালার অংশ হিসেবে আর্জেন্টিনা- ব্রাজিলের প্রীতি ম্যাচ হয়েছে। খেলায় আমার করা গোলে আর্জেন্টিনার বিজয় হয়েছে। খুব ভালো লাগছে। প্রবাসী মো. রেজাউল ইসলাম বলেন, ‘দীর্ঘ ৯ বছর সৌদিআরবে থেকে গ্রামে ফিরে দেখি মাদকে পরিপূর্ণ। শিক্ষার্থী, যুবকসহ সকল বয়সি মানুষ মাদকের সঙ্গে জড়িত। এভাবে চললে মানুষ ধ্বংস হয়ে যাবে। সেজন্য সোপুকুরিয়া, সোন্দাহ, নন্দলালপুর, বাঁশআড়া ও চকরঘুয়ার পাঁচ গ্রামের মানুষ একত্রিত হয়ে মাদকবিরোধী কর্মশালার আয়োজন করা হয়েছে।’ অনুষ্ঠানে ‘আমরা মাদক সেবন করবোনা, কাউকে মাদক সেবন করতে দিবোনা, আমরা কেউ মাদক বিক্রি করবোনা, কেউ মাদক কিনবোনা’ এই মর্মে শপথ পাঠ করান স্থানীয় বাসিন্দা ও কয়া মহাবিদ্যালয়ের প্রভাষক মো. মনিরুজ্জামান। তিনি বলেন, মাদকের কারণে দেশ ও জাতি ধ্বংসের পথে। সারাদেশের মধ্যে রোল মডেল হিসেবে তারা মাদক প্রতিরোধে এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন। ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, পাঁচ গ্রামে প্রায় ২০ হাজার মানুষের বসবাস। সবাই মিলে মাদক প্রতিরোধে গ্রামে পঞ্চমুখে অবস্থান নিয়েছি। মাদক প্রতিরোধে অন্যান্য গ্রামবাসীকে এগিয়ে আসার আহবান জানান তিনি। এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন থানার ওসি জামাল উদ্দিন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স। নিয়মিত অভিযান চলছে। গ্রামবাসীও সামাজিকভাবে উদ্যমী হলে দ্রুতই মাদক নির্মূল করা সম্ভব।