কুমারখালীর জামায়াতে নায়েবে আমীরের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ বালুঘাটের কমিশন ভাগাভাগির নামে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে। গতকাল বুধবার (১৫ জ্লুাই) রাত সাড়ে ৭টার দিকে কুমারখালী হলবাজার এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপির নেতারা। কুমারখালী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক ও সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা লুৎফর রহমান বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমারখালীর শান্ত রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করতে এবং বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র, অপপ্রচার ও চক্রান্ত শুরু করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শামসুদ্দিন আহমেদ। তিনি কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়ায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম ও পৌর বিএনপির নামে বালুঘাটের কমিশন নিয়ে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন। যা রাজনৈতিক শিষ্টাচার বিরোধী ও উদ্দেশ্যপ্রণোদিতম। বিভিন্ন মিডিয়ায়  জামায়াতে নেতার প্রকাশিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, কুমারখালীর মাটিতে কোনো ষড়যন্ত্রের নীল নকশা সফল হতে দেওয়া হবে না। যারা ভিত্তিহীন কথা বলে অপপ্রচার চালাচ্ছেন, তাদের ষড়যন্ত্রের জাল তৃণমূল নেতাকর্মীরা আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে এই অপপ্রচার বন্ধের দাবি জানানো হলো। অন্যথায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় অপপ্রচারকারীদেরই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শামসুদ্দিন আহমেদ। তিনি মোবাইল ফোনে বলেন, ‘আমি এই বিষয়ের সঙ্গে জড়িত নই। কেন আমাকে এর মধ্যে জড়ানো হচ্ছে তা জানি না। বালিঘাটের প্রতিদিনের হিসাবের একটি তালিকা আছে, সেটি দেখলেই স্পষ্ট হবে কে কত ভাগ পাচ্ছে।’