কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকবৃন্দ। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ইউএনও ফারজানা আখতার বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো কুমারখালীতেও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। আজকের এই র্যালি তারই একটি অংশ।” তিনি আরও বলেন, “আজ দিনব্যাপী কুমারখালী পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চলবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ বা কোনো পাত্রে যেন বদ্ধ পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে। কোনো শিশু বা প্রাপ্তবয়স্ক যেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে, সেজন্যই আমাদের এই সচেতনতামূলক কর্মসূচি।” এছাড়া, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিটি মসজিদে জুমার নামাজের খুতবায় মুসল্লিদের কাছে ডেঙ্গু সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গুবিষয়ক সচেতনতা বাড়াতে এবং রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
