কুমারখালীতে আনন্দলোক ট্রাস্টের দ্বি-বার্ষিক সভা

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

রাকিব হোসেন \ কুষ্টিয়ার কুমারখালী দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে ভবিষ্যৎমুখী ও উচ্চমানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির দ্বিবার্ষিক সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আনন্দলোক ট্রাস্টের আয়োজনে এবং বিএমজেড ও নেড্জ এর সহযোগিতায় বুধবার (২৪ জুন) কুমারখালী উপজেলা রিসোর্স সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোস্তফা মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার। স্বাগত বক্তব্য রাখেন আনন্দলোক ট্রাস্টের জেলা সমন্বয়কারী মোঃ হিজরত আলী খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর জহুরুল ইসলাম। এছাড়াও সভায় আনন্দলোক ট্রাস্টের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। বিশেষ করে দুর্যোগপ্রবণ অঞ্চলের শিশুদের জন্য শিক্ষা কার্যক্রমকে আরও টেকসই ও যুগোপযোগী করতে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় উপজেলার শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, দুর্যোগকালীন শিক্ষা কার্যক্রম সচল রাখা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার উন্নয়নে স্থানীয় পর্যায়ে অংশীদারিত্বমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়ন এবং দুর্যোগপ্রবণ এলাকার শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আনন্দলোক ট্রাস্টকে সহযোগিতা ও সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।