কুমারখালীতে শিক্ষার্থীতের বৈজ্ঞানিক চিন্তা ও প্রযুক্তি উদ্ভাবন বিষয়ক প্রদর্শনী

শনিবার, জুন ১৩, ২০২৬

 

কুমারখালী প্রতিনিধি \ “মেধা, বিজ্ঞান, উদ্যোগ, উদ্ভাবনের দেশ— সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উদ্যোক্তা ভাবনার এক অনন্য প্রদর্শনী। গতকাল শুক্রবার স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, সংক্ষেপে এসইডিপি। অনুষ্ঠানে কুমারখালীর ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা দুর্ঘটনা প্রতিরোধ, বিদ্যুৎ সাশ্রয়, স্মার্ট কৃষি এবং বহুমুখী খামারসহ বিভিন্ন বিষয়ে তাদের উদ্ভাবনী ভাবনা ও প্রযুক্তি প্রদর্শন করেন। তরুণ শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতেই সরকার এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক। ইউএনও ফারজানা আখতার বলেন- শিক্ষার্থীদের এই উদ্ভাবনী কার্যক্রমকে আরও এগিয়ে নিতে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। তরুণদের নতুন আইডিয়া ও প্রযুক্তি ভাবনাই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা চেতনাই হবে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার মূল হাতিয়ার। এই প্রজন্মের হাত ধরেই বিজ্ঞান ও প্রযুক্তিতে নতুন উচ্চতায় পৌঁছাবে দেশ— এটাই প্রত্যাশা করছেন তিনি।