খোকসায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

শনিবার, জুন ১৩, ২০২৬

 

শেখ মিলন \ মেধা, বিজ্ঞান, উদ্যোগ, উদ্ভাবনের দেশ— সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উদ্যোক্তা ভাবনার এক অনন্য প্রদর্শনী। গতকাল শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক ফিল্ড অফিসার মিলন হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন, খোকসা থানার তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেন, এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং স্টার্টআপ উদ্যোগ উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোতে প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধান, পরিবেশ সংরক্ষণ, কৃষি উন্নয়ন এবং দৈনন্দিন জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল চিন্তার প্রতিফলন দেখা যায়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আফজাল হোসেন বলেন, বর্তমান বিশ্বে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর চিন্তাই উন্নয়নের মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের প্রকল্প প্রদর্শন করেন এবং উদ্ভাবনী ধারণা বিনিময়ের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।পরিশেষে শিক্ষা প্রতিষ্ঠানেরপ্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান কারীদের পুরস্কৃত করা হয়।