খোকসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল ও এজিএমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

খোকসা প্রতিনিধি \ কুষ্টিয়ার খোকসা উপজেলায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গ্রাহক হয়রানি এবং খোকসা সাব-জোনাল বিদ্যুৎ অফিসের এজিএমের বিরুদ্ধে দুর্ব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে খোকসা বাসস্ট্যান্ড হাইওয়ে চত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খোকসা সাব-জোনাল বিদ্যুৎ অফিসে গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। পাশাপাশি প্রকৃত ব্যবহারের তুলনায় অনেক গ্রাহকের কাছ থেকে দ্বিগুণেরও বেশি বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে বলে দাবি করেন তারা। এ ছাড়া বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রেও গ্রাহকদের নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের এমন আচরণ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। তারা অতিরিক্ত বিল সংশোধন, গ্রাহক হয়রানি বন্ধ এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিসমূহ উল্লেখ করে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।