খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: সোহরাব উদ্দিন

জেলা পরিষদের উদ্যোগে কুষ্টিয়া সদরের দুই ইউনিয়নে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া সদর উপজেলার দুটি দুটি ইউনিয়নে বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে গাছের চারা ও বিতরণ করা হচ্ছে। এছাড়া বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়া সামগ্রী বিতরণ নীতিমালা ২০২৬ অনুযায়ী জেলার ছয় উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের খেজুরতলা এলাকার যুব সমাজকে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। এদিকে দুপুর ২টার দিকে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নে একই কর্মসূচি পালন করা হয়। দুটি ইউনিয়নে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। পাটিকাবাড়ি ইউনিয়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন। এতে এলাকার স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন- জেলার ৬টি উপজেলায় পর্যায়ক্রমে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে তারই ধারাবাহিকতায় আজ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি খেজুরতলা গ্রামে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ক্রীড়াচর্চার সুযোগ বাড়াতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। জেলা, উপজেলা ও ইউনিয়নব্যাপী শিক্ষা ও ক্রীড়ার প্রসার নিশ্চিত করতে আমাদের দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের ক্রীড়াবিদ ও জাতির ভবিষ্যত। তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার অবদান অপরিহার্য। তিনি আরো বলেন, একটি সবুজ, সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করতে হবে। এরই ধারাবাহিকতায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করতে হবে। তিনি দুটি ইউনিয়নে উপস্থিত সকলের প্রতি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং খেলাধুলার প্রসারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে খেজুরতলা এলাকার প্রতিনিধি এবং গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের শংকরদিয়া এলাকার মানুষের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া উপকরণ ও গাছের চারা তুলে দেওয়া হয়। এছাড়া দুটি ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন।