কালুখালী প্রতিনিধি \ রাজবাড়ীর কালুখালীতে আসাদুল মন্ডল(২৪) নামের একজন জামায়াত ইসলামীর অগ্রসর কর্মীর মরদেহ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ। গতকাল সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের চন্দনা নদীর পাড় সংলগ্ন মহিউদ্দিন ও শহিদ মন্ডল এর জমির মাঝখানে বিদ্যুতের খুঁটির পাশ থেকে লাশ টি উদ্ধার করা হয়। সে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের শাজাহান মন্ডলের পুত্র। সকাল ৮টার দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নে সূর্যদিয়া গ্রামের চন্দনা নদীর পাড়ে স্থানীয় কৃষক মোতালেব হোসেন, উজ্জ্বল হোসেন ও রব্বেল কাজ করতে এসে একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে পরবর্তী ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেন। মদাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু তালহা বলেন, গতকাল রাত ৮ টার দিকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোজাখুজি করি। মোবাইল ফোন বন্ধ ছিলো। মদাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃফিরোজ আহম্মেদ জানান, সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী ছিলেন। মীর মশাররফ হোসেন কলেজ এর ডিগ্রী ফাইনাল বর্ষের ছাত্র। কাল রাত থেকে সে নিখোঁজ ছিলো। আজ সকালে তার লাশ পাওয়া গেল। এ সংবাদে এএসপি (পাংশা সার্কেল) দেবব্রত সরকার কালুখালী থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্হল পরিদর্শন করেন। এ ব্যাপারে এএসপি পাংশা সার্কেল বলেন লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং গায়ে আগুন দিয়ে পুরানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
