ফজলুল হক \ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। গতকাল সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার মাজবাড়ী ইউনিয়নের সিংড়া বিল খালপাড়ের দুইধারে এ কর্মসূচির উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। এ সময় কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মৌলভীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকল্প সূত্রে জানা যায়, মাজবাড়ী ইউনিয়নের সিংড়া বিল খালপাড় থেকে শুরু করে কুমোড়গড়া, পতখোলা, গড়াইবিল, বেতবাড়ীয়া ও মুনাই বিল হয়ে তালেব মণ্ডলের বাড়ি পর্যন্ত খালের দুইপারে এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়। এ কর্মসূচির আওতায় ফলজ ও ঔষধি প্রজাতির প্রায় ২০০টি গাছের চারা এবং ১ হাজার ৮০০টি তালগাছের চারা রোপণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখননের পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রম এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র?্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হতো এবং কৃষিজমির পানি নিষ্কাশনে নানা সমস্যা দেখা দিত। খাল পুনঃখনন সম্পন্ন হওয়ায় কৃষকদের দুর্ভোগ কমবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং সেচ সুবিধারও সম্প্রসারণ ঘটবে। পাশাপাশি বৃক্ষরোপণের ফলে এলাকার পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা। এর পর উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়নের বেতবাড়িয়া খাল খননের চলমান কাজ পরিদর্শন করেন।
