ঝিনাইদহে রাতে হাতকড়া পরা আসামির পালায়ন, সকালে গ্রেফতার

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

ঝিনাইদহ প্রতিনিধি \ ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় সাফদারপুর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান পরোয়ানাভুক্ত আসামি ফরিদ হোসেন (২৮)। গতকাল শনিবার সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফরিদ হোসেন উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তার মায়ের করা চুরি ও মারধরের একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে উপজেলার ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ফরিদ হোসেনকে গ্রেপ্তার করেন সাফদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস। তাকে হাতকড়া পরিয়েই সাফদারপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। রাতের কোনো একসময় ফরিদ হোসেন সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। রাতভর তল্লাশি চালানোর পর শনিবার সকালে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতকড়া পরা অবস্থায় সাফদারপুর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যাওয়া আসামিকে রাতভর অভিযান চালিয়ে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।