এম বাদশা মিয়া \ ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান নির্ধারণে তিনটি এলাকা পরিদর্শন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। গতকার বুধবার (১০ জুন) দুপুরে দলটি শৈলকুপা উপজেলার দুধসর আশ্রয়ন প্রকল্প এলাকা ও বড়দা ব্রিজ সংলগ্ন স্থানসহ সম্ভাব্য কয়েকটি এলাকা পরিদর্শন করে। ?পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা দুধসর আশ্রয়ন প্রকল্প এলাকায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রায় ৩০০ একর সরকারি খাস জমির প্রাপ্যতা, যোগাযোগ সুবিধা এবং পরিবেশগত উপযোগিতা পর্যবেক্ষণ করেন। ?টিম জানায়, পর্যাপ্ত সরকারি জমি, মহাসড়ক সংলগ্ন অবস্থান এবং অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে এলাকাটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য সম্ভাবনাময় হিসেবে বিবেচিত হচ্ছে। ?এসময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মাজহারুল ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ড. দিলরুবা জেবা, আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব (এপিএস) সোহেল রানা, ঝিনাইদহের সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শনে উপস্থিত ছিলেন। ?এদিকে, শৈলকুপায় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখায় এলাকার মানুষ ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
