চুয়াডাঙ্গা প্রতিনিধি \ জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত খুন, গুমসহ সব হত্যাকান্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এবং ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি সরকারি কলেজ সড়ক, কোর্ট মোড়, বড় বাজারের হাসান চত্বরসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন ফুটবল মাঠে এসে শেষ হয়। এর আগে টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট রুহুল আমিন। সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত খুন, গুম ও অন্যান্য হত্যাকান্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্ব দিতে হবে। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন দাবি সংবলিত স্লোগান দেন। কর্মসূচি শুরুর আগেই জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১১ দলীয় ঐক্য জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী টাউন ফুটবল মাঠে জড়ো হন। পরে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিলে অংশ নেন। সমাবেশ শেষে নেতারা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
