নিজ সংবাদ \ মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের অলিনগর এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে গুরুতর আহত আলাউদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৪ টায় ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ যুবকের মৃত্যু হয়। নিহত আলাউদ্দিন শফিরুলের ছেলে। সংবাদ সূত্রে জানা যায়, গত ৪ জুন অলিনগরে এ দুর্ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে অপারেশনের জন্য ২ লাখ ৭০ হাজার টাকা চাওয়া হয়। আর্থিক সংকটের কারণে অনেক কষ্টে আড়াই লাখ টাকায় অপারেশন করানো হয়। কিন্তু অপারেশনের পর তার রক্তে ইনফেকশন ধরা পড়ে। পরে অর্থের অভাবে তাকে কুষ্টিয়ায় ফিরিয়ে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টায় কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহতের বাবা শাফিরুল বলেন, “আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। অনেক অনুনয়-বিনয় করে অপারেশন করিয়েছি। তারপরও ইনফেকশনের কারণে ছেলেকে বাঁচাতে পারলাম না। আমরা ময়নাতদন্ত চাই না। এটা তার হায়াত ছিল।” এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজন ও এলাকাবাসী নিহতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
