এম সনজু আহমেদ \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টায় আলমডাঙ্গা রথতলা থেকে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রথতলায় এসে শেষ হয়। রথযাত্রাটি আলমডাঙ্গা রথতলা থেকে শুরু হয়ে হাইরোড, চারতলার মোড়, ৭১ মোড় ও আলমডাঙ্গা রেলস্টেশন এলাকা ঘুরে আবার রথতলায় ফিরে আসে। পুরো পথজুড়ে হাজারো ভক্ত, দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় সঙ্গীত, হরিনাম সংকীর্তন এবং ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো শহর। স্থানীয়দের মতে, আলমডাঙ্গার এই রথযাত্রা প্রায় ১৫০ বছরের ইতিহাস ও ঐতিহ্য বহন করে আসছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ধর্মীয় মর্যাদা ও সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে এ উৎসব পালিত হয়ে আসছে। এই ঐতিহ্য আজও সমানভাবে সংরক্ষিত রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এদিন ভগবান শ্রীজগন্নাথ, বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে সুসজ্জিত রথে করে নগর পরিক্রমায় বের করা হয়। রথের দড়ি স্পর্শ বা রথ টানাকে অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে বিবেচনা করা হয়। ভক্তদের বিশ্বাস, এর মাধ্যমে জীবনের পাপক্ষয় হয় এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায়। রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনা, গীতাপাঠ, ভজন-কীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। পরে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে সুসজ্জিত রথে শ্রীশ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার বিগ্রহ নিয়ে নগর পরিক্রমা করা হয়। পুরো আয়োজন ধর্মীয় নীতিমালা অনুসরণ করে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আয়োজকদের সঙ্গে সমন্বয় করে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরাও সার্বিক সহযোগিতা করেন বলে জানা গেছে। ধর্মীয় নেতারা বলেন, রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতীক। সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার বার্তাও বহন করে এই উৎসব। ধর্মীয় উৎসবকে ঘিরে আলমডাঙ্গা শহরে সব বয়সী মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্য। ভক্তদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রথযাত্রা উপভোগ করতে ভিড় জমান। দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীরা।
