দৌলতপুরে সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

শনিবার, জুন ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের শশিধরপুর গ্রামে বিষধর সাপের কামড়ে মো. সিয়াম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সিয়ামকে সাপে কামড়ায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ তাৎক্ষণিক হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে তাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ভোরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সকাল ১০টায় সিয়ামের মৃত্যু হয়। নিহতের প্রতিবেশী জয় জানান, “রাত ২টায় সাপে কাটার খবর পেয়ে প্রথমে কবিরাজের কাছে নেওয়া হয়। তিনি হাসপাতালে নিতে বলায় আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখান থেকে কুষ্টিয়ায় রেফার্ড করা হয়। চিকিৎসা চলাকালীনই সিয়াম মারা যায়।” সিয়ামের চাচাতো ভাই গাউসুর রহমান বলেন, সিয়াম ও তার স্ত্রী রাতে ঘটনাটি জানালে পরিবার সাপটি মেরে ফেলে। সিয়ামের বাবা রিফাত মল্লিক জানান, “ওঝা ও হাসপাতালে নেওয়ার পরও আমার ছেলেকে বাঁচানো যায়নি।” এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।