দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৪ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ প্রাগপুর বিওপির টহল দল মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১০টায় সীমান্ত সংলগ্ন চুলকানি ঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৪০ পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাচ ডিসপ্লে উদ্ধার করে। অপরদিকে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় প্রাগপুর বিওপির টহল দল গরুড়া ঘাটপাড়া ঈদগাহ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। এছাড়াও গতকাল দুপুর ২টায় কাজিপুর বিওপির টহল দল শেওড়াতলা রিফিউজিপাড়া মাঠে বিশেষ অভিযান চালিযে ভারতীয় ৩ কেজি গাঁজা উদ্ধার করে। বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যসহ বিভিন্ন পণ্যের সিজার মূল্য ৩৪ লাখ ৩১ হাজার ৮০০টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
