দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ককটেলসহ আটক-১

শনিবার, জুন ১৩, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ককটেলসহ মহিবুল মন্ডল (৫০) নামে ১জন মাদক চোরকারবারী আটক হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে একই এলাকার মৃত আজিত মন্ডলের ছেলে। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ৮৫/১৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে সীমান্ত সংলগ্ন চল্লিশপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে মো. মহিবুল মন্ডল কে ৩টি ককটেলসহ আটক করা হয়। পরবর্তীতে আটক মাদক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল শুক্রবার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় সকল প্রকার অবৈধ কার্যক্রম, চোরাচালান, মাদক পাচার, সন্ত্রাসী কর্মকান্ড এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।