দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৫৫ লক্ষ টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় বিজিবির টহল দল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ২জন চোরাকারবারী মাদকদ্রব্য ফেলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ভারতীয় ৮ বোতল মদ এবং ২ হাজার ৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে গতকাল বুধবার সকাল সোয়া ১০টায় প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ নিয়ামত মন্ডলের ঘোনা নামক স্থানে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। এছাড়াও মঙ্গলবার দেড়টায় কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ মথুরাপুর মাঠে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ বোতল মদ, ৭ হাজার ২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ৫৪ লাখ ৮৫ হাজার ৪০০টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা সচেষ্ট রয়েছে এবং দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
