দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে এক সৌদি প্রবাসীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর বাবা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মো. সহিদুল ইসলাম সরকারের ছেলে মো. মনিরুল ইসলাম মনি সরকার দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত রয়েছেন। প্রায় ৬ বছর আগে একই এলাকার মোছা. সোরভী আক্তারের সঙ্গে তার ছেলের বিয়ে হয়। তাদের সংসারে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। অভিযোগে বলা হয়, ছেলে বিদেশে থাকার সুযোগে সোরভী আক্তার বিভিন্ন ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন। গত ১৭ জুন রাত আনুমানিক ৮টার দিকে কাউকে কিছু না জানিয়ে তিনি শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে যান। যাওয়ার সময় তিনি তার স্বামীর গচ্ছিত নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণালংকার এবং নিজের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে যান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। লিখিত অভিযোগে সহিদুল ইসলাম সরকারের দাবি, তার পুত্রবধূ সংসার না করার উদ্দেশ্যে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের পরিকল্পনা করে বাড়ি ছেড়ে চলে গেছেন। বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা শেষে তিনি দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে মোছা. সোরভী আক্তার, তার মা মোছা. শিউলী খাতুন, বাবা মো. আনারুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
