দৌলতপুরে এক টুকরো কাফনের কাপড়কে ঘিরে রহস্য

শনিবার, জুন ১৩, ২০২৬

 

দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে এক টুকরো কাফনের কাপড়কে ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া হাই স্কুলপাড়া এলাকায় পানি পড়ার আস্তানায় শনিবার গভীর রাতে কে বা কারা আরবি হরফে লেখা এক টুকরো কাফনের কাপড় ফেলে যায়। গতকাল রবিবার (৭ জুন) সকালে স্থানীয় লোকজন কাপড়ের টুকরোটি দেখতে ঘটনাস্থলে ভিড় করলে এলাকায় তা নিয়ে চাঞ্চল্য ও শোরগোল পড়ে। স্থানীয়রা জানান, কাফনের কাপড়টিতে আরবি ভাষায় কিছু লেখা ছিল, যা দেখে অনেকেই বিষ্ময় প্রকাশ করেন। তবে কে বা কারা রাতের আধাঁরে কাপড়ের টুকরোটি ঘটনাস্থলে রেখে গেছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, কুফরি কালাম অথবা জাদুটনা করার জন্য এমন কর্মকান্ড কেউ ঘটাতে পারে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে তারা জানান। এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হতে দেখা গেছে। স্থানীয় মসজিদের ইমাম মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে তিনি গুঞ্জন শুনে ঘটনাস্থলে গিয়ে একটি কাপড় দেখতে পান, যার উপর আরবি বা অন্য কোনো ভাষায় লেখা ছিল এবং পাশাপাশি একটি নকশাও অঙ্কিত ছিল। তাঁর ধারণা অনুযায়ী সেটি কাফনের কাপড় হতে পারে। পরবর্তীতে যোহরের নামাজ শেষে তিনি আবার ঘটনাস্থলে গিয়ে দেখেন, স্থানীয় লোকজন ওই কাপড়টি পুড়িয়ে ফেলেছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনার খবর তারা এখনও পাননি।