কুমারখালী প্রতিনিধি \ স্টিলের খাটিয়ায় রেখে নিহত রতন আলীর (২১) নিথর দেহটি মোড়ানো হচ্ছে সাদা কাফনের কাপড়ে। পাশের প্লাস্টিক চেয়ারে বসে আহাজারি করছেন মা উলকা খাতুন। তাঁর কোলে রয়েছে রতনের তিনমাস বয়সি একমাত্র কণ্যা সন্তান রত্না। তাকে সান্ত্বনা দেওয়ায় চেষ্টা করছেন স্বজনরা। সেখানে ভিড় করেছেন উৎসুক জনতা। গতকাল সোমবার (৬ জুলাই) বিকেলে সাড়ে ৫টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় গিয়ে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়। নিহত রতন ওই গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর হলেও ব্রাজিল ফুটবল দলের চরম ভক্ত ছিলেন। এ সময় বিলাপ করতে করতে রতনের মা উলকা খাতুন বলেন, ‘আমার বেটা ব্রাজিলের খুব ভক্ত ছিল। সারারাত ব্রাজিলের খেলা দেখেছে। ব্রাজিল হারে গেছে, সেজন্যি আমার বেটা এইতা ( আত্মহত্যা) করেছে।’ স্বজন ও স্থানীয়রা জানায়, পেশায় দিনমজুর রতন আলী প্রায় দেড়বছর আগে বিয়ে করেছেন। কোলজুড়ে তাঁর তিন মাসের কণ্যা সন্তান রত্না আছে। সন্তান জন্মের পর থেকে স্ত্রী তাঁর মায়ের বাড়িতে থাকেন। রতনের নেই স্মার্টফোন। তাঁর বাড়িতে টেলিভিশনও নেই। তবুও তিনি ব্রাজিলের কট্টরপন্থী ভক্ত ছিলেন। রোববার রাতে ব্রাজিল ও নরওয়ের খেলা দেখতে গড়াই নদী পাড়ি দিয়ে বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরের জেলা পরিষদ চত্বরে গিয়েছিলেন রতন। সেখানে খেলা দেখে রাতে বাড়ি ফিরে না খেয়েই মন খারাপ করে শুয়ে পড়েন। এরপর সকালে ঘুম থেকে উঠে আবারও খাওয়া- দাওয়া বন্ধ করে নিজঘরে চলে যান। এরপর সকাল ১০টার দিকে তাঁর শ্বাশুড়ি এসে খোঁজাখুঁজি করলে নিজ শয়নকক্ষের বাঁশের আড়ায় ঝুলতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রতনের মামা দুলাল ইসলাম বলেন, রতন ব্রাজিলের খুব ভক্ত ছিল। সবসময় ব্রাজিল তল নিয়ে তর্কাতর্কি করত। কাল ব্রাজিল হেরে যাওয়ায় বাড়িতে এসে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাঁর ভাষ্য, হয়তো ব্রাজিলের হার সইতে না পেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ব্রাজিল হেরে যাওয়ায় অনেকেই ট্রোল করেছিল। সেই ট্রোল সইতে না পেরেই হয়তো এমন কাজ করেছে। তাঁর ভাষ্য, বাইরের দেশের খেলা নিয়ে এভাবে ট্রোল করা বা মাতামাতি করা ঠিক নয়। এই যে তাজা প্রাণ চলে গেল, ব্রাজিল কি ফেরত দিতে পারবে। কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম মুঠোফোনে বলেন, রতন ব্রাজিলের কট্টরপন্থী সমর্থক ছিল। রাতে ব্রাজিল খেলায় হেরে যাওয়ার শোক সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
