ভেড়ামারা প্রতিনিধি \ কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৫-২০২৬ অর্থ বছরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর অর্থের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২টার সময় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এই অনুদান প্রদান করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মোট ৪৪টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ৫২ বান্ডিল ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য সর্বমোট ১ লাখ ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় প্রাকৃতিক দুর্যোগ এবং আকস্মিক অগ্নিকান্ডে যেসব পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অসহায় হয়ে পড়েছিল, তাদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারের এই মানবিক সহায়তা। এই অনুদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়াতে এবং তাদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সরাসরি সাহায্য করবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে সরকার সবসময় এভাবে পাশে থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
