কুমারখালী প্রতিনিধি \ কয়েকদিনের হালকা ও মাঝারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুষ্টিয়ার কুমারখালীর নানা শ্রেণি পেশার মানুষের। বিশেষ করে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ গুলো। তবুও জীবন ও জীবিকা নিয়ে বৃষ্টি উপেক্ষা করে ছুটে চলেছেন তারা। তবে অন্যান্য দিনের তুলনায় তাদের আয় নেমেছে অর্ধেকে। গতকাল শনিবার সকাল থেকে সরেজমিন কুমারখালী শহর ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, নিত্য প্রয়োজন মেটাতে হালকা ও মাঝারি বৃষ্টির মধ্যে ছাতা ও রেইনকোর্ট পড়ে চলাচল করছে নানা শ্রেণি পেশার মানুষ। বৃষ্টির কারণে কাজ না করেই হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকেই। বৃষ্টির কাছে অসহায় হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। এ সময় ভ্যানচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, চার- দিন ধরে বৃষ্টি চলছে। আজ আবার সকালে টানা বৃষ্টি। বাইরে লোকজন কম। ভাড়াও কম। তাঁর ভাষ্য, আগে ৫০০ – ৬০০ টাকা আয় হতো। এখন ২০০ টাকাও হচ্ছেনা। হকার শহিদুল ইসলাম বলেন, বেঁচাকেনা নাই। পুঁজি ভেঙে খাচ্ছি। বৃষ্টির কারণে গরীব মানুষ খুব কষ্টে আছে। ফল বিক্রেতা সুমন হোসেন বলেন, বৃষ্টিতে বাজারে লোকজন কম। বেঁচাকেনা একদমই নেই। ফল নষ্ট হচ্ছে। আয় কম হলেও বাজারে নিত্যপণ্যেরও দাম বেড়েই চলেছে। এসব দেখবে কে এদিকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মো. মামুনুর রশিদ। তিনি বলেন, নিম্নচাপের কারণে চারদিন ধরে হালকা ও মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টা এমন পরিস্থিতি চলমান থাকতে পারে জানিয়েছেন আবহাওয়া কার্যালয়।
