আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গা উপজেলার বেলগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনূর আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন- একটি শিশুকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শুধু পাঠ্যবইয়ের শিক্ষা যথেষ্ট নয় এর পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা , শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধের চর্চাও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন- শিক্ষা কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য নয়, বরং একজন আদর্শ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরির প্রধান হাতিয়ার। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেন। সুস্থ শরীর ও সুস্থ মন একজন শিক্ষার্থীর সাফল্যের মূল ভিত্তি। তাই পড়াশোনার সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিক বিকাশেও নজর দিতে হবে। অভিভাবকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন- সন্তানকে বিদ্যালয়ে পাঠিয়ে দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তান বাড়ি ফেরার পর তার পড়াশোনার খোঁজখবর রাখা , নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং তার মানসিক বিকাশে সহায়তা করাও অভিভাবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টার মাধ্যমেই একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত , দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী , অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
