শাহ আলম মন্টু \ আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নওদা দুর্গাপুরের একটি গুরুত্বপূর্ণ পিচঢালা সড়ক অবৈধভাবে মাটি কাটার কারণে বর্তমানে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে কাদা জমে থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের ভাষায়, এটি এখন যেন একটি ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। দুর্ভোগে পড়ছেন স্থানীয় লোকজন। কাদার কারণে সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা, হেঁটেও চলা দায়। পিছলে সড়ক দিয়ে প্রতিদিন ঘটছে নানা রকমের দুর্ঘটনা। মূল সড়কের ২ কিলোমিটারজুড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সড়ক দিয়ে দুর্ঘটনায় আহত মোটরসাইকেলচালক রাফি বলেন, প্রতিদিনের মতো নওদা দুর্গাপুর থেকে কুমারী যাওয়ার সময় সড়কে পিচ্ছিল কাদার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়েছি। আমার সঙ্গে আর একজন ছিল, তিনিও গুরুতর আহত হয়েছেন। সরেজমিনে সড়ক ঘুরে দেখা গেছে, স্থানীয় জৈনক প্রভাবশালী ব্যক্তি সড়কের পাশ থেকে ট্রাক দিয়ে মাটি আনছেন। চলমান সেই ট্রাকগুলোর চাকা থেকে মাটি পড়ছে সড়কে। নওদা দুর্গাপুর গ্রামের প্রধান রোড থেকে শ্যামপুর গ্রামের সড়কে পর্যন্ত হালকা বৃষ্টির পানিতে কাদার সৃষ্টি হয়েছে। সড়কে কাদার কারণে অনেক যানবাহন পিছলে নিচে নেমে যেতে দেখা গেছে। কাদার কারণে যান চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে। বেশি দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেল চালকরা। ঝুঁকি নিয়ে তারা মোটরসাইকেল চালাচ্ছেন। অভিযোগ উঠেছে জনৈক প্রভাশালী ব্যক্তি ও সাঙ্গপাঙ্গদের ভয়ে এলাকাবাসী কথা বলতে পারছে না। নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেন- আমি অনেক বার নিষেধ করেছি সড়কে এভাবে মাটি ফেলানো অন্যায়। এই কাজটি যারা করেছে তারা ঠিক করেনি।
