আলমডাঙ্গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সনাতন ধর্মাবলম্বীদের জমি দখলের চেষ্টা

গ্রামবাসীদের প্রতিরোধে আটক ১৩

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

আলমডাঙ্গা প্রতিনিধি \ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ট্রাক্টর দিয়ে ফসলি জমি চষে সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) পরিবারের জমি দখলের চেষ্টা চালিয়েছে একদল বহিরাগত যুবক। গ্রামবাসীদের প্রতিরোধে ওই চক্রের ১৩ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে আলমডাঙ্গার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে ৫টি মোটরসাইকেল ও একটি ট্রাক্টর নিয়ে একদল যুবক বাঁশবাড়িয়া গ্রামের শ্মশান ঘাট সংলগ্ন একটি হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টা করে। এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে তারা পর পর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে ট্রাক্টর দিয়ে ভুক্তভোগী পরিবারের প্রায় ২ বিঘা জমির ফলন্ত কাঁচা মরিচ গাছসহ পুরো খেত চষে নষ্ট করে দেয়। এ তান্ডব দেখে ভুক্তভোগী হিন্দু পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে গ্রামবাসীরা একজোট হয়ে এগিয়ে আসে। তারা ধাওয়া করে ১৩ জনকে ধরে আলমডাঙ্গা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, তিনি নিজেই ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে গ্রামবাসীর হাতে আটক ১৩ জনকে থানায় নেওয়া হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫টি মোটরসাইকেল ও ট্রাক্টর জব্দ করা হয়। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। জমি দখল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।