আলমডাঙ্গা অফিস \ আলমডাঙ্গা হারদী ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি নজরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেল পাঁচটার দিকে হারদী বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হারদী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মহিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। আওয়ামী সন্ত্রাসীরা হারদী ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি নজরুল ইসলামের উপর হামলা করে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, ৭ দিনের মধ্যে দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করব এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইফতেখারুজ্জামান লুডু খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, জেলা যুবলীগের সহ-সভাপতি মাগরিবুর রহমান, হারদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মল্লিক, বিএনপি নেতা জহুরুল ইসলাম। বিশিষ্ট বিএনপি নেতা নাসির উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মান্নান, রবিউল ইসলাম, কুদ্দুস আলী, সোহাগ আলী, কুরবান আলী, সাহাবুল হক, সবুজ মিয়া, শহিদুল ইসলাম, আব্দুল লতিফ, জামাল উদ্দিন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে শত শত বিএনপি নেতা কর্মী উপস্থিত ছিলেন।
