নিজ সংবাদ:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ফ্যাসিবাদের ১৮ বছরে বিরোধী দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন কারণে অনেক মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। তাদের তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদে মেহেরপুর-২ আসনের বিরোধী দলের সদস্য মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। এসব আবেদন যাচাই-বাছাই করে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হবেন, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে অনিয়মের মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও যাচাই-বাছাই চলছে বলে জানান মন্ত্রী। যাচাইয়ে যারা অমুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হচ্ছেন, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এরই মধ্যে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আহমেদ আযম খান বলেন, প্রকৃত ও নির্ভুল মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ন্যায্য স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের চিহ্নিত করে বাদ দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্ত্রী আরও বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের তালিকাকে নির্ভুল ও গ্রহণযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য স্বীকৃতি পাবেন এবং অনিয়মের মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের বাদ দেওয়া হবে।
