পশ্চিম তীরে পূর্ণ মাত্রার যুদ্ধের হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পরও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি—এমন পরিস্থিতিতে পশ্চিম তীরে ‘পূর্ণ মাত্রার যুদ্ধের’ হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কাৎজ বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা বা সংশ্লিষ্ট সংস্থাগুলো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইহুদি বসতিগুলোর বিরুদ্ধে ৭ অক্টোবরের ধাঁচে হামলা চালালে, অথবা এমন হামলার প্রস্তুতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া গেলে পশ্চিম তীরে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তিনি আইডিএফকে নির্দেশ দিয়েছেন বলেও জানান কাৎজ।

ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরে সামরিক অভিযানের একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছে আইডিএফ। এতে যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) জ্যেষ্ঠ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনী এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা রয়েছে।

কাৎজ জানান, সম্ভাব্য অভিযানে পরিকল্পিত হত্যাকাণ্ড, বেসামরিকদের বাস্তুচ্যুত করা, জঙ্গি স্থাপনা ধ্বংস এবং পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের দীর্ঘমেয়াদি উপস্থিতির মতো পদক্ষেপ থাকতে পারে।

তিনি বলেন, ইন্তিফাদার সময়কার পরিস্থিতিতে আর ফিরে যেতে চায় না ইসরায়েল।

সম্প্রতি পশ্চিম তীরের নাবলুসের কাছে এক ছুরিকাঘাতের ঘটনার পর কাৎজ এই হুঁশিয়ারি দেন। আইডিএফ জানিয়েছে, উসারিনের কাছে এক ইসরায়েলি বেসামরিক নাগরিককে ছুরিকাঘাত করে এক ব্যক্তি পালিয়ে যায়। পরে এলাকায় সেনা মোতায়েন করে সন্দেহভাজনকে ধরতে অভিযান ও আশপাশের গ্রামগুলোতে তল্লাশি চালানো হয়।