ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

বুধবার, অক্টো ২৮, ২০২৬

নিজ সংবাদ:

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বাড়ি থেকে বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা।

ফজলুর রহমান বাবু জানান, সোমবার রাতে ফরিদপুরের বাড়িতে গিয়ে তিনি চুরির বিষয়টি দেখতে পান। লাইট জ্বালাতে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। পরে বাইরে গিয়ে মেইন লাইনের তার এবং ছাদে গিয়ে এসির তারও দেখতে পাননি। এ ছাড়া বাড়ির বাইরে থাকা আরও কিছু মালামাল চুরি হয়েছে।

তিনি জানান, পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় থাকলেও নিজের জন্মস্থান ফরিদপুরের বাড়িতে মাসে এক-দুবার আসেন। সর্বশেষ প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তিনি সেখানে গিয়েছিলেন।

চুরির ঘটনায় স্থানীয় মাদকসেবীদের দায়ী করে বাবু বলেন, শুধু তার বাড়িতেই নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। সম্প্রতি এলাকায় চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

তার অভিযোগ, মাদকসেবীরা নেশার অর্থ জোগাড় করতে বিভিন্ন বাসাবাড়িতে চুরি করছে। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে বিদ্যুতের তার চুরির ঘটনায় জিডি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।