ক্রীড়া ডেস্ক:
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের দশম আসরে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এবার টাইগ্রেসদের মূল লক্ষ্য ফাইনাল খেলা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন, কয়েকবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এবার সেই বাধা পেরিয়ে ফাইনালে উঠতে চান তারা। গ্রুপ পর্বের ম্যাচগুলোকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ব্যাটিংয়ের পাশাপাশি টপ-অর্ডার ভালো করলে বাংলাদেশের ফাইনালে ওঠার সুযোগ রয়েছে।
গ্রুপের শীর্ষ দুই দলের মধ্যে থাকতে পারলেই সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
এশিয়া কাপে এখন পর্যন্ত একবার শিরোপা জিতেছে বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ায় ভারতকে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল টাইগ্রেসরা। ২০১২ ও ২০২৪ সালে সেমিফাইনাল থেকে বিদায় নেয় বাংলাদেশ। এশিয়া কাপে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
