ক্রীড়া ডেস্ক:
জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদ থেকে আমের খানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দুই সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও সাব্বির আহমেদ আরেফ। তাঁদের অভিযোগ, ম্যানেজার পরিবর্তনের বিষয়টি নির্বাহী কমিটির সভায় আলোচনা হওয়ার কথা থাকলেও তার আগেই ন্যাশনাল টিমস কমিটির সভায় আলোচনা করা হয় এবং পরে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আমের খানকে সরিয়ে আমিরুল ইসলাম বাবুকে জাতীয় দলের নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব দিয়েছেন। তবে এই সিদ্ধান্ত মেনে নিতে রাজি নন দুই সহসভাপতি। তাঁরা বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে ডেকে বিষয়টি জানিয়েছেন এবং সিদ্ধান্তটি সভাপতিকে অবহিত করতে বলেছেন।
তাঁদের বক্তব্য, ম্যানেজার কে থাকবেন বা কে দায়িত্ব পাবেন—এ বিষয়ে নির্বাহী কমিটির সভায় আলোচনা হওয়া উচিত ছিল। হঠাৎ করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া গ্রহণযোগ্য নয় বলেও তাঁরা মন্তব্য করেন।
এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর আমিরুল ইসলাম বাবু জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যাওয়া-আসা শুরু করেছেন। তবে দায়িত্ব পালনের প্রথম দিনেই তৈরি হয়েছে নতুন অস্বস্তি।
বসুন্ধরা কিংসের মাঠে অনুশীলনের পর খেলোয়াড়দের আইসবাথ নেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বাথটাবে বরফ না থাকায় খেলোয়াড়রা বিষয়টি কোচ থমাস ঢুলিকে জানান। এতে ক্ষুব্ধ হন কোচ। পরে বরফ পৌঁছালেও ততক্ষণে খেলোয়াড়রা টিম বাসে উঠে যান। বিকেলের অনুশীলনের পর অবশ্য তাঁরা আইসবাথ নেন।
এদিকে বাংলাদেশ দল আসন্ন এশিয়ান কাপ ফুটবলকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে। ম্যানেজার পরিবর্তন নিয়ে বাফুফের অভ্যন্তরীণ অসন্তোষের পাশাপাশি অনুশীলন ব্যবস্থাপনায় নতুন এই ঘটনা জাতীয় দলের প্রস্তুতিতে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।
