ভোরের ই-মেইলে চাকরি হারানোর বার্তা

ছাঁটাইয়ের কবলে ওরাকলের কর্মীরা

বুধবার, অক্টো ২৮, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

সকালে ঘুম থেকে উঠে এমন ই-মেইল পাওয়ার কথা হয়তো কল্পনাও করেননি ওরাকলের কিছু কর্মী। ভোর ৬টার দিকে পাঠানো ওই বার্তায় জানানো হয়, ‘আপনার পদ নিয়ে কিছু কঠিন খবর জানানো হচ্ছে—আজই আপনার শেষ কর্মদিবস।’

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড অবকাঠামোয় ওরাকলের ব্যাপক বিনিয়োগের মধ্যেই সর্বশেষ ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। তবে এ দফায় ঠিক কতজন কর্মী চাকরি হারিয়েছেন, তা প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

ছাঁটাইয়ের ই-মেইলে বলা হয়েছে, ‘বৃহত্তর সাংগঠনিক পরিবর্তনের’ অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্মীদের পদ বিলুপ্ত করা হয়েছে। তবে নির্দিষ্ট কোনও কর্মীকে কেন ছাঁটাই করা হয়েছে, সে বিষয়ে ব্যক্তিগত ব্যাখ্যা দেওয়া হয়নি।

কর্মীদের জানানো হয়েছে, শিগগিরই ওরাকলের কম্পিউটার, ই-মেইল, ভয়েসমেইল ও বিভিন্ন ফাইলে তাদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হবে। বিচ্ছেদকালীন সুবিধা ও প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার জন্য ব্যক্তিগত ই-মেইল ঠিকানা দিতে বলা হয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে ওরাকলের কর্মী সংখ্যা প্রায় ২১ হাজার বা ১৩ শতাংশ কমেছে। মে মাসের শেষে প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে কর্মী ছিল প্রায় ১ লাখ ৪১ হাজার। এক বছর আগে এ সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৬২ হাজার।

এ ছাড়া পুনর্গঠন ও কর্মী বিচ্ছেদ বাবদ ওই অর্থবছরে প্রায় ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলার ব্যয় করেছে ওরাকল। কর্মী কমানোর পেছনে এআই গ্রহণ ও বাস্তবায়ন অন্যতম কারণ বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ওরাকলের এ ছাঁটাই প্রযুক্তি খাতে চলমান বড় ধরনের পরিবর্তনেরই প্রতিফলন। সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই প্রযুক্তি ও সংশ্লিষ্ট খাতে ৬ হাজারের বেশি চাকরি ছাঁটাই হয়েছে। এর মধ্যে উবার, পেপ্যাল, অ্যাপল, জোমাটো ও ওরাকলের মতো প্রতিষ্ঠানও রয়েছে।