সরকারের মূল লক্ষ্যই হলো ঘরে বসে যেন মানুষ সব ধরনের সেবা পেতে পারেন : ডিসি তৌহিদ বিন- হাসান

শনিবার, জুন ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ জনবান্ধব ও আধুনিক ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে কুষ্টিয়ায় আগামীকাল ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। দেশব্যাপী আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল ১৯ থেকে ২১ মে পর্যন্ত জেলা জুড়ে এই মেলা একযোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল রবিবার (১৭ মে) দুপুর সোয়া ১২টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেসকনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন এবং মেলার বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান। এতে সঞ্চালনায় ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল ওয়াদুদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ‘আধুনিক বাংলাদেশ’ বিনির্মাণের অন্যতম প্রধান শর্ত হচ্ছে নাগরিক ভোগান্তিহীন একটি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে ভূমি সংক্রান্ত যাবতীয় সেবাসমূহ অটোমেশনের (ডিজিটালাইজেশন) আওতায় এনেছে। প্রযুক্তিগত এই উন্নয়নকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’র আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি, দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, এবারের মেলায় আগত নাগরিকেরা কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য ছাড়াই সরাসরি ১৪ ধরনের বিশেষ ডিজিটাল ও তাৎক্ষণিক সেবা ও তথ্য পাবেন। সেবাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানের সুবিধার্থে নাগরিকদের জন্য সার্ভিস পোর্টালে সরাসরি স্পট রেজিস্ট্রেশন কার্যক্রম। সম্পূর্ণ ডিজিটালি ও নিরাপদে ভূমি উন্নয়ন কর গ্রহণ ও তাৎক্ষণিক রসিদ প্রদান। হোল্ডিং এন্ট্রি, তার অনুমোদন এবং দ্রুততম সময়ে ‘ই-নামজারি’ বা মিউটেশনের আবেদন সম্পন্নকরণ। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তা তাৎক্ষণিকভাবে সরবরাহ। এছাড়া ডাক বিভাগের মাধ্যমে ঘরে বসেই মৌজা ম্যাপ পাওয়ার অনলাইন আবেদন সুবিধা। খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লিজ নবায়ন এবং চান্দিনা ভিটির লিজ নবায়ন সংক্রান্ত কার্যক্রমের স্পট সমাধান। মেলা প্রাঙ্গণ থেকেই ভূমি অধিগ্রহণের (এলএ কেস) ক্ষতিপূরণের চেক সরাসরি উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হবে। মেলায় আগত সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিল জিজ্ঞাসার তাৎক্ষণিক ও সঠিক উত্তর প্রদানের জন্য প্রতিটি বুথে একজন করে অভিজ্ঞ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। এছাড়া মেলা প্রাঙ্গণে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হবে। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদ বিন-হাসান বলেন, ুভূমি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির দিন শেষ হতে চলেছে। বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো ঘরে বসে যেন মানুষ সব ধরনের সরকারি সেবা নিশ্চিত করতে পারেন। কুষ্টিয়াবাসীকে কোনো প্রকার মধ্যস্বত্বভোগীর খপ্পরে না পড়ে সরাসরি মেলা প্রাঙ্গণে এসে সম্পূর্ণ স্বচ্ছ উপায়ে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিজেদের ভূমিসেবা নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।”প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজস্ব শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিসে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলা সফল করতে ইতিমধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।