সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় ৯ জন গ্রেফতার

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) মো. আলতাফ হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ নয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে চারজনকে মুন্সীগঞ্জ থেকে আটক করা হয়েছে।

সোমবার সকালে প্রধান আসামি জহিরুল ইসলামকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত আরও যেসব আসামি পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান গ্রেফতারদের পরিচয়, হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

মামলায় মোট ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার পরপরই প্রধান আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে যৌথ অভিযানে আরও আটজনকে গ্রেফতার করা হয়। ঘটনার পর আসামিরা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে গেলেও দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে শনিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় ছেলের পোশাক কারখানায় ঢুকে এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তার ছোট ছেলেকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হয়।

নিহত আলতাফ হোসেন এসবির ঢাকার মালিবাগ কার্যালয়ে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রূপনাই গাছপাড়া। পরিবার নিয়ে তিনি আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় হত্যা মামলা করেন।