আন্তর্জাতিক ডেস্ক:
মদিনার সব মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান চালুর অনুমোদন দিয়েছে সৌদি আরব। দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল-শেখ এ অনুমোদন দিয়েছেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মদিনার মসজিদগুলোতে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় নারীদের জন্য নির্ধারিত স্থান খোলা থাকবে। ঐতিহাসিক মসজিদের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকার সাধারণ ও বড় মসজিদও এ ব্যবস্থার আওতায় থাকবে।
এতদিন মদিনার অনেক মসজিদে নারীদের নামাজের স্থান শুধু জুমা, তারাবিহ ও ঈদের নামাজ কিংবা ব্যস্ত মৌসুমে চালু রাখা হতো। বছরের অন্যান্য সময়ে এসব স্থান বন্ধ থাকত। নতুন সিদ্ধান্তের ফলে এখন থেকে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময়ও নারীরা নির্ধারিত স্থানে নামাজ আদায় করতে পারবেন।
এর ফলে মদিনায় কেনাকাটা, চাকরি, ভ্রমণ কিংবা অন্যান্য কাজে বাইরে থাকা নারীদের নামাজের সময় বাড়িতে ফিরে যাওয়ার প্রয়োজন হবে না। তাঁরা কাছাকাছি মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারবেন।
তবে মসজিদে নববী এ সিদ্ধান্তের আওতাভুক্ত নয়। কারণ সেখানে আগে থেকেই নারীদের জন্য পৃথক নামাজের স্থান রয়েছে।
নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনায় নারী মাঠকর্মীরাও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ঐতিহাসিক মসজিদগুলোতে নারীদের নামাজের স্থান ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য ১১৫ জন নারীকে মসজিদ পরিদর্শক ও নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
