ছাদ থেকে লাফ দিয়ে যুবক নিহত

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

শফিকুর রহমান \ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বড়িয়া-ঝাউতলা গ্রামের এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত রকিবুল হাসান শান্ত (২৮) রেজাউল করিমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝে মধ্যেই অসংলগ্ন আচরণ করতেন। স্বজনরা জানান, শান্ত সম্প্রতি রাজবাড়ীর পাংশা উপজেলার মইশালা গ্রামে তার খালার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার হঠাৎ করেই তিনি বাড়ির ছাদ থেকে লাফ দেন। ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাবাসীর মধ্যেও সৃষ্টি হয়েছে গভীর বেদনা। স্থানীয়রা জানান, মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের প্রতি পরিবারের আরও যত্নবান হওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, মানসিক সমস্যাকে অবহেলা না করে সময়মতো চিকিৎসা ও পারিবারিক সহায়তা নিশ্চিত করা গেলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।