রিজেন্টের সাহেদসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৪ অক্টোবর

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

নিজ সংবাদ:

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদসহ ছয় আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেনের আদালতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে কোনো সাক্ষী হাজির না হওয়ায় দুদকের প্রসিকিউটর মো. নূরে আলম সময় আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার অন্য আসামিরা হলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক ডা. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম।

২০২০ সালের ২৩ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, হাসপাতালের লাইসেন্স নবায়ন না থাকা সত্ত্বেও করোনার নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয় এবং এর মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়।

২০২২ সালের ১২ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এখন পর্যন্ত মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, আসামিরা যোগসাজশে রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর ও সমঝোতা স্মারক সম্পাদনের ব্যবস্থা করেন। পাশাপাশি ৩ হাজার ৯৩৯ জনের নমুনা সরকারি ল্যাবে বিনামূল্যে পরীক্ষা করিয়ে রোগীপ্রতি ৩ হাজার ৫০০ টাকা হিসেবে মোট ১ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা নেওয়া হয়।