জামায়াতের আদর্শ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

মওদুদী নাকি জিন্নাহ ?

বৃহস্পতিবার, অক্টো ১, ২০২৬

নিজ সংবাদ:

জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বর্তমান রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আ’লা মওদুদী ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর আদর্শের মধ্যে পার্থক্য তুলে ধরে দলটির বর্তমান অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।

রাশেদ খাঁন তার স্ট্যাটাসে বলেন, জামায়াত-শিবিরের উচিত মওদুদী নাকি জিন্নাহ—যেকোনো একজনকে রাজনৈতিক আদর্শ হিসেবে বেছে নেওয়া। তার দাবি, মওদুদী ছিলেন ইসলামিক ভাবধারার অনুসারী এবং ভৌগোলিক জাতীয়তাবাদকে গুরুত্ব দিতেন না। অন্যদিকে জিন্নাহ ছিলেন মধ্যপন্থী ও পশ্চিমা ভাবধারার জাতীয়তাবাদে বিশ্বাসী।

তিনি প্রশ্ন তোলেন, পরস্পরবিরোধী চিন্তা ও আদর্শের অধিকারী দুজনকে একই সঙ্গে রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করা কতটা সামঞ্জস্যপূর্ণ। মওদুদীবাদী আদর্শ অনুসরণকারীরা জিন্নাহবাদী হওয়ার চেষ্টা করলে তা আদর্শিক বিচ্যুতি কি না, সে প্রশ্নও রাখেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, বর্তমান জামায়াত কি তাদের মূলধারার আদর্শ থেকে সরে গিয়ে ইসলামিক বা শরিয়া আইন প্রতিষ্ঠার চিন্তা থেকে দূরে সরে যাচ্ছে এবং জিন্নাহকে আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে—এ বিষয়ে দলটির রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা প্রয়োজন।

তিনি আরও দাবি করেন, নীতিনির্ধারকদের আদর্শিক অবস্থানের অস্পষ্টতার কারণে নেতাকর্মীদের মধ্যে দ্বিধা তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার আমান আযমীর মন্তব্যও উল্লেখ করেন তিনি—তার বাবার সময়ের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়।